১১০ ইউএনও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব ইসিতে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল বুধবার বিকেলে জানান, ১১০ ইউএনও ও ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি কমিশন।

জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় ধরে আছেন এমন ইউএনও এবং ছয় মাসের বেশি সময় ধরে আছেন এমন ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন।