যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় গুরুত্বর আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় বুধবার লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা বিবিসি ও এপি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ইউনিভার্সিটি অব নেভাদার লাস ভেগাস ক্যাম্পাসে একজন বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এ সময় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয় এবং একজন গুরুত্বর আহত হয়।
পরবর্তীতে পুলিশের সাথে গোলাগুলির সময় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ইউনিভার্সিটি অব নেভাদার লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং অন্যান্য শাখাগুলো ‘সতর্কতার কারণে’ একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, “ছাত্ররা ভবনের বাইরে খেতে ও খেলার জন্য জড়ো হয়েছিল। পুলিশ তৎক্ষণাৎ হামলাকারীকে গুলি না করলে আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটত।“
এদিকে কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত হামলার কারণ জানতে পারেনি পুলিশ।