রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে একটি চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় যাত্রী হাসানকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত যাত্রী হাসান জানান, আমি যে গাড়িতে ছিলাম ওই গাড়িটি মাতুয়াইল বাসস্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে গাড়ির জানালা দিয়ে কয়েকজন যুবক একটি পলিথিনে করে পেট্রোল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হওয়ায় পা এবং হাতে আগুন লেগে দগ্ধ হই। পরে আমার এক আত্মীয়কে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে দগ্ধ হয়ে হাসান নামে এক যুবক আমাদের জরুরি বিভাগে এসেছে। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও হাত-পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে।