দ্বিতীয় দিনের শুরুতেই বৃষ্টির বাগড়া

সকাল থেকেই কাভারে ঢাকা মাঠ। গুড়িগুড়ি বৃষ্টিতে বৃহস্পতিবার দেরি হচ্ছে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয় খেলা। তাই পরদিন সকাল সাড়ে নয়টার জায়গায় সোয়া নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।

প্রথম দিন বিকেলে ব্যাটসম্যানদের ব্যর্থতা অর্ধেকটা ভুলিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দ্বিতীয় দিন তাদের সামনে থাকছে বাকি অর্ধেক কাজ সারার সুযোগ। আর তা করতে পারলেই স্রেফ ১৭২ রানের পুঁজি নিয়েও লিড পাবে বাংলাদেশ।

মিরপুর টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। জবাবে স্রেফ ১২.৪ ওভারে ৫৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে রয়েছে তারা।

স্পিন সহায়ক উইকেটে মেঘাচ্ছন্ন কন্ডিশনে প্রথম দিন পড়েছে ১৫ উইকেট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও স্পিনবান্ধব হওয়ার কথা এই উইকেট। তাতে সুযোগ বাড়বে বাংলাদেশের। দ্বিতীয় দিন সকালে তাই কিউইদের অল্পেই গুটিয়ে দেওয়ার লক্ষ্য থাকবে তাদের।