আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কল্পনাকে করছে বাস্তব। অন্তত আপনি যা কল্পনা করছেন সেটির ছবি তৈরি করা সম্ভব হচ্ছে এআই প্রযুক্তির সহায়তায়। কেমন ছবি চান, ছবিতে কী কী থাকবে এগুলো কেবল এআই’র কাছে বর্ণণা করলেই এই প্রযুক্তিই আপনার চোখের সামনে হাজির করবে সেই ছবি যা আপনি কল্পনা করেছেন। এতদিন এআই দিয়ে ছবি তৈরির জন্য প্রযুক্তিপ্রেমীদের পছন্দের ছিল ওপেনআই’র দাল-ই, মিডজার্নি এবং স্টেবল ডিফিউশনের মতো কৃত্রিম ইমেজ বা ছবি তৈরির অ্যাপ। এবার এদের সঙ্গে প্রতিযোগীতায় শামিল হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। তারা নিয়ে এলো আপনার মনমতো ছবি তৈরির এআই ‘ইমাজিন উইথ মেটা’।
এর ব্যবহারকারীরা নিজের ভাষায় কেবল কী ছবি বানাতে চান তা ঠিকঠাক বর্ণণা করলেই হবে, বাকীটা করবে এআই। দেখবেন আপনি যেমন ছবি চান মোটামুটি সেরকম একটি কৃত্রিম ছবি আপনার সামনে হাজির করবে ইমাজিন উইথ মেটা। এটা কাজ করবে টেক্সট টু ইমেজ হিসেবে, অর্থাৎ ব্যবহারকারীরা কী ছবি চান তার লিখে দিলেই হবে, ব্যস ছবিটি বানিয়ে দেবে মেটার ইমাজিন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, আপাতত মেটার এই ইমাজিন এআই ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এদিকে এআই নির্ভর এসব ইমেজ-ভিডিও তৈরি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। এ পরিস্থিতি মেটার এই ইমাজিন এআই মাধ্যমে তৈরি ছবিতে থাকবে একধরণের অদৃশ্য ওয়াটারমার্ক বা জলছাপ। মেটার ভাষ্যমতে, এর মাধ্যমে তৈরি কনটেন্ট সনাক্ত ও স্বচ্ছতা নিশ্চিত করবে তারা।