একের পর এক দুর্ঘটনায় পড়ছে যুক্তরাষ্ট্রের অস্প্রে উড়োজাহাজগুলো। সর্বশেষ জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ভি-২২ অস্প্রে উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ল। এরপরেই সব দেশে উড়োজাহাজটির উড্ডয়ন আপাতত স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে ওই দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৮ সদস্য নিহতের ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৬ নভেম্বর) এ সিদ্ধান্ত জানায় মার্কিন বিমান বাহিনী।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্পেশাল অপারেশন কমান্ড বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, কমান্ডার লেফটেনেন্ট জেনারেল টনি বাউর্নফিন্ডের নির্দেশে গত সপ্তাহের দুর্ঘটনার তদন্ত অব্যাহত থাকাকালীন ঝুঁকি কমাতে বিমান বাহিনীর ভি-২২ অস্প্রে উড়োজাহাজগুলোর অপারেশন স্থগিত করা হয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মারাত্মক দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে, তা জানতে তদন্ত চলমান থাকায় ঝুঁকি কমাতে বিমানবাহিনী সিদ্ধান্তটি নিয়েছে। তদন্তের প্রাথমিক তথ্য পর্যালোচনা করে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ ত্রুটির মূল কারণ এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এবং হেলিকপ্টার প্রস্তুতকারী কোম্পানি বেল যৌথভাবে ভি-২২ অস্প্রে উড়োজাহাজ তৈরি করেছে। এর নকশায় উড়োজাহাজ ও হেলিকপ্টার দুটোরই সংমিশ্রণ আছে। ভি-২২ অস্প্রে উড়োজাহাজটি হেলিকপ্টারের মতো করে উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।
সাম্প্রতিক বছরগুলিতে আরও বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে অস্প্রে উড়োজাহাজের কয়েকটি সংস্করণ। আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। ২০২২ সালে নরওয়েতে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে সিভি-২২ বিধ্বস্ত হয়ে আরও চারজন নিহত হন।