লুট হওয়া স্বর্ণ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

রংপুরের পীরগঞ্জে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে গিয়ে গাজীপুরের কালিয়াকৈরে হামলার শিকার হয়েছেন তিন পুলিশসহ পাঁচজন। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।  

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন— প্রদীপ দাস (৩৮), গোপাল চন্দ্র (৩৮) ও রনি দাস (৩০)। তারা রংপুরের পীরগঞ্জে থানায় কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রংপুরের পীরগঞ্জে একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনা ঘটে। বুধবার রাত ৮টার দিকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে গাজীপুরের কালিয়াকৈরে অভিযানে যান পীরগঞ্জ থানা পুলিশ। ওই এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত লিটন নামের একজনকে আটক করেন তারা। এসময় মায়ের দোয়া জুয়েলার্স থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় দোকানের মালিক ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় মামলার বাদীসহ তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশের কাছে থাকা ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় কালিয়াকৈর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, এ ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লুট হওয়া গুলি উদ্ধারে অভিযান চলছে।