নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন।

নিহত নুরতাজ বেগম (৬০) পৌর শহরের দক্ষিন কান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী। তবে  নিহতের স্বজনরা এখনো হাসপাতালে আসেনি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ভেলানগরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নুরতাজ বেগম নামে এক মহিলাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়। পর রাত ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ১২টা পর্যন্ত তার স্বজনদের হাসপাতালে দেখা যায়নি।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. পলাশ মোল্লা বলেন, এবডমিনাল পেইন নিয়ে রাতে রোগীটা ভর্তি হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক কারবারি। তাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।