শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস জব্দ

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদ পেয়ে ৪টি বস্তাভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন গাবুরা ৯ নম্বর সোরা ক্লোজারের নিকট হতে বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধারের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারির দল পালিয়ে যায়। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

এসিএফ ইকবাল হোসেন চৌধুরী জানান, এঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যহত।

উল্লেখ্য, গত (০১ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনসংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।