‘শত্রুরা আফগান ও ইরানের মধ্যে সংঘাত চায়’

ইরানে বসবাসরাত অবৈধ আফগান নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে জোর দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, শত্রুরা আফগান ও ইরানিদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কোনো গোষ্ঠী বা দেশের নাম উল্লেখ করেননি। তবে তিনি জানিয়েছেন বৈধ অভিবাসীদের নিয়ে তেহরানের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘যখন তালিবান এখানে এসেছিল, তাদের বলা হয়েছিল আফগান অভিবাসীদের দেশে ফিরে নিতে পরিবেশ সৃষ্টি করা উচিত। তারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছিল।’

যদিও ইরানের আফগান শরণার্থীরা অভিযোগ করেছেন, শরণার্থীদের পাশাপাশি পাসপোর্ট-ভিসা থাকা সত্ত্বেও আফগানদের বিতাড়িত করছে তেহরান। তাদের মতে, শরণার্থীদের প্রথমে গ্রেপ্তার করা হয় এবং পরে নির্বাসিত করা হয়। অন্যদিকে শরণার্থীরা সেখানে  অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যেসব দেশে আফগান শরণার্থীরা বসবাস করছে, সেসব দেশকে সুযোগ দিতে হবে। শরণার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। এর আগে ইরানের কিছু গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছিল, বর্তমানে সে দেশে প্রায় ৫০ লাখ আফগান নাগরিক বসবাস করছেন।