ঢাকাই সিনেমায় দর্শক মন জয় করার পর নাম লেখান টলিউডে। সেখানেও অল্প সময়ে সবার হৃদয় জয় করে নেন জয়া আহসান। ক্যারিয়ার গ্রাফে ঢাকার চেয়ে কলকাতার সিনেমাতেই তাকে বেশি দেখা গেছে। তাতেই বোঝা যায় ওপার বাংলায় তিনি কতটা জনপ্রিয়।
এবার আর টলিউড নয়, তার অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। রাত পোহালেই তার বলিউড অভিষেক। আজ শুক্রবার জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর হিন্দি সিনেমা ‘কড়ক সিং’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া।
সিনেমাটি ঘিরে তিন শহরে তিনটি প্রিমিয়ার হতে যাচ্ছে। আজ শুক্রবার দিল্লিতে, পরদিন (৬ ডিসেম্বর) মুম্বাই এবং সবশেষ কলকাতায় (৮ ডিসেম্বর)।
বলিউডে অভিষেক প্রসঙ্গে জয়া আহসান বলেন, এখন গ্লোবালাইজেশনের যুগ। বলিউড, টালিউড, ঢালিউড আলাদা কিছু না। যেকোনো দেশের যেকোনো ভাষায় কাজ করাটা এখন নরমাল, অনেকেই করছেন। আমি যদি কনস্ট্যান্টলি অনেক কাজ করতে পারি, অনেকদিন সাসটেইন করি— তখন বলতে পারব, হ্যাঁ, আমি বলিউডেও কাজ করছি। এখনই বলাটা...ইটস টু আর্লি।
‘কড়ক সিং’-এ জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংঘি, পার্বতী থিরুবতী প্রমুখ।