সংবাদ সম্মেলনে রিজভী

ক্ষমতায় থাকতে দেশ নিয়ে বাজি ধরছে সরকার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ বিশ্বাস করে রেডিমেড গার্মেন্টস ব্যবসা এখন অন্য দেশের হাতে তুলে দিয়ে ‘অবৈধ ক্ষমতায় থাকার’ গ্যারান্টি চান ‘অবৈধ সরকারের’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ শ্রমিক এই রপ্তানি খাত গড়ে তুলেছেন। উদ্যোক্তারা নানান পরিশ্রমের মধ্য দিয়ে শিল্প গড়ে তুলেছেন। আর এ সরকার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সব কলকারখানা, মানুষের পেটে লাথি মারার চিন্তা করছে। বাংলাদেশের বাজারকে হুমকির মধ্যে ফেলছে। সুতরাং আগামী একতরফা নির্বাচন শুধু শেখ হাসিনার ক্ষমতার নবায়ন নয়, বাংলাদেশকে ধ্বংস করার লাইসেন্স। এ সরকার এভাবে জনগণের পেটে যে লাথি মারছে তা না, তারা পুরো দেশ নিয়ে বাজি ধরছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুনে ক্ষিপ্ত প্রধানমন্ত্রী, খড়গ হাতে নিয়ে নির্বাচনী মাঠে “আদার বনে শিয়াল রাজার মতো” ছুটে বেড়াচ্ছেন। তিনিই সব, তাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং যারা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলে, তাদের তিনি ব্যক্তিগত দুশমন হিসেবে বিবেচনা করেন। আর সেজন্য বিরোধী দলের অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবির আন্দোলন দমাতে নানা পন্থা অবলম্বন করেছেন, যেগুলো নির্মম পৈশাচিক।’