দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোট পর্যবেক্ষণের আগ্রহ দেখিয়েছেন ১৭৯ বিদেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ১৭৯ বিদেশি পর্যবেক্ষক আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, নির্বাচন দেখতে ১৩১ পর্যবেক্ষক হিসেবে আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।

ইসির দেওয়ার সময় অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির।

প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে আপিল হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, মনোনয়ন ফিরে পেতে তৃতীয় দিনে ১৫৫ জন আপিল আবেদন করেছেন। এ নিয়ে আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮ জনে। এর মধ্যে ছয়জন প্রার্থিতা বাতিলের আবেদনও করেছেন।

তিনি জানান, এই আপিলগুলো ১০ তারিখ থেকে পর্যায়ক্রমে শুনানি হবে। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন থেকে প্রচার-প্রচারণা শুরু হবে।

ওসি বদলি ও পদায়ন প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল থানাপর্যায়ে যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন, ওই কর্মকর্তাদের মধ্যে যাদের কর্মস্থলের কর্মকাল ছয় মাসের বেশি, তাদের বদলির করার। ৩৩৮ জন থানার ওসিকে বদলি ও পদায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। নির্বাচন কমিশন অনাপত্তি জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্চ ও মেট্রোপলিটন পুলিশ তাদের বদলির আদেশ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিশন প্রস্তাবনা দিয়েছিল যেসব উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কর্মকাল এক বছর বা তার বেশি হয়েছে, তাদের বদলির জন্য। এর আলোকে নির্বাচন কমিশনে তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ৪৭ জনের, দ্বিতীয় ধাপে এসেছে ১১০ জনের এবং তৃতীয় ধাপে ছিল ৪৮ জনের। ২০৫ জন ইউএনওর বদলিতে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।