কলেজছাত্রকে কুপিয়েছে স্কুলছাত্ররা

টাঙ্গাইলের সৃষ্টি কলেজে অধ্যয়নরত সূর্য নামের এক ছাত্রকে কুপিয়েছে একই প্রতিষ্ঠানের স্কুল শাখার তিন শিক্ষার্থী। গুরুতর আহত সূর্য বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানসংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারি বাগান এলাকায় ঘটনাটি ঘটে।

আহত কলেজছাত্র সূর্য (১৭) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামসুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে। তিনি সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত। ঘটনাটি ধামাচাপা দিতে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এমনকি ঘটনাটি থানা পুলিশকেও অবগত করা হয়নি।

হামলার শিকার সূর্য জানায়, নামাজ পড়ে ভবনে ফেরার পথে হামলাকারী ওই তিন ছাত্র আমাকে বলে তাদের এক বড় ভাই আমাকে ডেকেছেন। আমি ওই বড় ভাইয়ের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কারা আর কেন আমার ওপর হামলা করল এবং যে বড় ভাই আমাকে ডেকেছেন আমি তাদের কাউকেই চিনি না।

সৃষ্টি কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারী উপপুলিশ পরিদর্শক) আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।