রাজধানীর তেজগাঁওয়ে রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে একটি তিতাস কমিউটার ট্রেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার দেশ রূপান্তরকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।
রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি সরানো হলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।