আগামী ৭ জানুয়ারি ‘একতরফা নির্বাচন’ প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপিপন্থি পেশাজীবী নেতারা বলেছেন, দেশে আজকে মানবাধিকার নেই, আইনের শাসন নেই। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে ইতিহাসের ন্যাক্কারজক জুলুম-নির্যাতন। এমন পরিস্থিতিতে বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোকে বাইরে রেখে আবারও একতরফা নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ সেই নির্বাচন হতে দিবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বিএনপিপন্থি পেশাজীবী নেতারা এসব কথা বলেন। ‘মানবাধিকার ও ন্যায় বিচার এবং আইনের শাসন নিশ্চিত করার’ দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। বিভিন্ন পেশার ২২টি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
বিএসপিপির সাবেক আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএসপিপির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরি, জিয়া পরিষদের সভাপতি ডা. মো. আবদুল কুদ্দুস, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী প্রমুখ।