যে রেস্টুরেন্টে টাকা দিয়ে চড় খাওয়া যেত

রেস্টুরেন্টে সবাই যায় খাবার খেতে, কিন্তু জাপানের একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে এই কয়েকদিন আগেও টাকার বিনিময়ে চড়ও খেতে পারতেন অতিথিরা। জাপানের নাগোয়া শহরের এই রেস্টুরেন্টের নাম শাচিহোকো-ইয়া। এখানে ৩০০ জাপানি ইয়েন খরচ করলে খাবার পরিবেশনের সময় কিমোনো পরা নারী কর্মীদের হাতের চড় ‘উপভোগ’ করতে পারতেন অতিথিরা। আরেকটু বেশি ইয়েন খরচ করলে পছন্দের নারী কর্মীর হাতে চড় খাওয়ারও সুযোগ ছিল।

জাপানের এই অদ্ভুত সেবা চালু রাখা রেস্টুরেন্টটি রীতিমতো খবরের শিরোনাম হয়েছে। তবে এবার রেস্টুরেন্টটি এক্স পোস্টে জানিয়েছে, এখন আর টাকার বিনিময়ে চড় দেওয়ার সেবা দিচ্ছে না তারা। শাচিহোকো বলেছে,’ আপাতত আমরা চড় দিতে পারছি না। আমরা যে সাড়া পেয়েছি তাতে অভিভূত, তবে কেবল চড় খেতে আসাদের আমরা চাইছি না, চাইছি না চড়ের পুরনো ভিডিওগুলো ভাইরাল হোক। দয়া করে এখানে আসার আগে এসব চিন্তা করে আসুন।’  

২০১২ সাল থেকে শাচিহোকোতে চালু ছিল চড় দেওয়ার অদ্ভুত সেবা। চড় খাওয়ার লোভে প্রচুর অতিথি আসতে শুরু করে এখানে। নারী, পুরুষ, শিশু সবাই চড় খাওয়ার অভিজ্ঞতা পেতে খুবই আগ্রহ দেখায়। শুরুতে মাত্র একজন নারী চড় মারার সেবা দিতেন। এরপর চাপ সামাল দিতে খাবারের সঙ্গে চড় মারার সেবা দিতে আরও কয়েকজন নারীকে নিয়োগ দেয় শাচিহোকো।