অনিয়মের অভিযোগে গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ফিফা আইন অনুযায়ী, সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
রদ্রিগেজ ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি। আগামী এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য একজন প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন রদ্রিগেজ।
এএফপি খবর, রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালত বলেছেন, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। কৌঁসুলিরা তাদের ক্ষমতার সীমানা ডিঙিয়ে এ চুক্তি করেছিলেন—এমনটাই বলেছেন আদালত।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। সে বছর ব্রাজিলে শীর্ষ লিগের ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করেই নির্বাচনী বিধিমালা পাল্টায় সিবিএফ। এতে শীর্ষ লিগে ক্লাবগুলোর প্রতিনিধিদের ভোটের শক্তি কমে যায়। পরের বছর নির্বাচনে সিবিএফ সভাপতি হন রোজেরিও কাবোকো। কিন্তু যৌন হয়রানির অভিযোগে ২০২১ সালে দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি। তখন অন্তর্বর্তীকালীন দায়িত্বে সিবিএফ সভাপতি হন এদনালদো রদ্রিগেজ। এক বছর পর আনুষ্ঠানিকভাবে ২০২৬ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চুক্তিবদ্ধ হন।
নিয়ম বদলানোয় রিওর আদালত কাবোকোর সেই নির্বাচন বাতিল করে দেয়। একই পথ ধরে দায়িত্ব নেওয়ায় রদ্রিগেজের দায়িত্ব পালন করাও বৈধ নয় বলে রায় দিয়েছেন আদালত।