বিয়ের আয়োজনে পুরনো ফ্যাশন সন্দীপ্তার

এক সপ্তাহ আগে থেকেই কলকাতার শোবিজে সাজ সাজ রব। বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর পরিকল্পনা অনুযায়ী মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। 

বিয়েতে হলো না কন্যাদান। নারী পুরোহিত নন্দিনী ভৌমিকের মতে বিয়ে সারলেন নায়িকা। বিয়েতে যে সাবেকি সাজে সাজবেন তিনি সে কথা তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন। তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে।

সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। পাশে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীরা। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। 

বিয়ের রীতিনীতির মতোই খাবারের মেনুতে ছিল বাঙালিয়ানা ছোঁয়া। কড়াইশুঁটির কচুড়ি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারির মতো হরেক পদ ছিল বিয়ের ভোজে।

তাঁর বিয়ের দিন তো সকাল থেকে বৃষ্টি। ফলে এমনিতেই শীতের শহরে চারিদিকে জল। অনেকেই ভেবেছিলেন খোলা জায়গায় কী ভাবে ব্যবস্থা হবে। কিন্তু সব কিছু সুষ্ঠ ভাবে হয়ে গেল। গায়ে হলুদের সকালেও একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী।

সৌম্যর সঙ্গে বেশ কিছু বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা। আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটাই দেখার।