প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

তিন জেলায় ডিভাইসসহ আটক ৬২

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ তিন জেলা থেকে ৬২ জনকে আটক করেছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) তিনটি জেলার বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করে।

দিনাজপুরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে ১৮ জন পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮জনকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক করে। পরে তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করে। আটককৃত ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৭ জন পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সরকারি কোনো নিয়োগ পরীক্ষার আগে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। গতকাল থেকেই র‌্যাব তাদের বিষয়ে সতর্ক ছিল। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় চক্রের পাঁচ মূলতোহাসহ ৩২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ এবং ১৬টি মোবাইল ও ব্যাংক চেক জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা গ্রহণে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, ডিভাইসসহ ঠাকুরগাঁওয়ে সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আট করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।