নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার শোক

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা। টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মোহা. নূর আলীর ফোনে কথা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানাও ফোনে মোহা. নূর আলীর সঙ্গে কথা বলেন।

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা. নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন। 

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর (৩৭) মৃত্যু হয়। নাদিহা আলী মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।