ছেলে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে মা ও মেয়ের। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)। আহত ছেলের নাম শ্যামল (১৩)।

তারাকান্দা থানার ওসি আব্দুল আল মামুন বলেন, গতকাল রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধুতে যায় শ্যামল। সেখানে টিউবওয়েল ঘেরা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে সে। চিৎকার শুনে মা অঞ্জলী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় অঞ্জলীর বড় মেয়ে লক্ষ্মী রানী তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।