জাপা মহাসচিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। গতকাল শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন তিনি।

নাসিরুল ইসলামের আইনজীবী মো. জিশান মাহমুদ বলেন, ‘মুজিবুল হক ঋণখেলাপির তথ্য গোপন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হলফনামা জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র কোনোভাবেই বৈধ হতে পারে না। এর বিরুদ্ধে আমরা ইসিতে আপিল করেছি।’

আপিলে নাসিরুল অভিযোগ করেন, মুজিবুল হক ঋণখেলাপি হয়েও তথ্য গোপন করে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নের বৈধতা পেয়ে যান। মানিকগঞ্জের আলবাটর ফ্যাশন লিমিটেডের নামে রূপালী ব্যাংক পুরানা পল্টন করপোরেট শাখা থেকে মুজিবুল হক ব্যক্তিগত গ্যারান্টার হয়ে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণ তুলে দেন। দীর্ঘদিন ধরে ওই ঋণটি খেলাপি হয়ে আছে। বিষয়টি তিনি তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেননি। তিনি তথ্য গোপন করেছেন। তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিলযোগ্য। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মুজিবুল হক রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন বলেও দাবি নাসিরুলের।

এ বিষয়ে বক্তব্য জানতে মুজিবুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।