নাটোরের বড়াইগ্রামে নৌকার পক্ষে কাজ করায় বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলীকে লাঞ্ছিত করাসহ মারপিটের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী বলেন, স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন আমাকে ডেকে তার মায়ের পক্ষে নির্বাচনী কাজ করতে বলেন। কিন্তু নৌকার বাইরে কাজ করতে না চাইলে তিনি আমাকে লাঞ্ছিত করেন এবং মারপিটের হুমকি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
অভিযোগের বিষয়ে পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ‘আমি এবং ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী একই পরিষদের সদস্য। তার সঙ্গে আমার সুসম্পর্কের কারণেই তাকে আমার মায়ের পক্ষে কাজ করার অনুরোধ করেছিলাম। তাকে লাঞ্ছিত বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘নৌকার পক্ষে কাজ করায় হুমকি দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’