শ্রীপুরে দুর্নীতি বিরোধী সাইকেল শোভাযাত্রা

আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসকে সামনে রেখে গতকাল শুক্রবার গাজীপুরের শ্রীপুরে দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৫টি সাইকেল নিয়ে তরুণরা এ র‌্যালিতে অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারুণ্যের শক্তিতে দুর্নীতি রুখে দেওয়ার অদম্য শক্তি সঞ্চয়ের ব্রত নিয়ে সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালিটি শুরু হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) শ্রীপুর শাখা।

সাইকেল র‌্যালি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয় শ্রীপুর-কাপাসিয়া সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি গাছের চারাও রোপণ করা হয়।

এসআরটি শ্রীপুর শাখার দলনেতা জুবায়ের আহম্মেদ বলেন, সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।