শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেল সিরাজগঞ্জের শাহজাদপুরে দুদিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব ২০২৩-এর উদ্বোধন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ছিল আনন্দ শোভাযাত্রা, নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও পিঠা উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩-এ গিয়ে শেষ হয়। নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ ও বাঙালিত্বের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন শিক্ষাসংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কাজ করছে।