জাতিসংঘের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি প্রসঙ্গ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠি জাতিসংঘ এখনো খুলে দেখেনি বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) সংস্থাটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান। ডুজারিক বলেন, ‘আমি চিঠিটি দেখেনি। আমি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা সম্পর্কে এরই মধ্যে যা বলেছি তাই পুনর্ব্যক্ত করছি।’

ব্রিফিংয়ে বাংলাদেশে ‘নির্বাচনী পর্যবেক্ষক’ পাঠানোর বিষয়ে অন্য এক বাংলাদেশি সাংবাদিক জানতে চান। এর জবাবে ডুজারিক বলেন, ‘বাংলাদেশে ‘নির্বাচনী পর্যবেক্ষক’ পাঠাবে না জাতিসংঘ।’

গত ১৯ নভেম্বর জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে ওই চিঠিটি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের অফিসে পাঠানো হয়। কয়েকটি সংবাদমাধ্যমে চিঠির বক্তব্য প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমগুলোর দাবি,  চিঠিতে জাতিসংঘকে বাংলাদেশের উন্নয়নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।