শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার (০৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বলা হয়েছে, তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফ ও বান্দরবানে ১০ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ৭, চট্টগ্রামে ৫, কক্সবাজারে ৪, রাঙ্গামাটিতে ৩, টাঙ্গাইল ও নেত্রকোনায় ২, ঢাকা, ফরিদপুর, ঈশ্বরদী, ময়মনসিংহ ও শ্রীমঙ্গলে ১ মিলিমিটার এবং বগুড়া, কুমিল্লা ও মোংলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।