বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী উন্নয়নবিষয়ক সম্মেলনের আজ শেষ দিন শনিবার সকালে ‘বিকাশমান বৈশ্বিক ব্যবস্থা ও ভূরাজনীতি: স্বল্পোন্নত দেশগুলোর কী বাস্তবতা’ শীর্ষক এক লোকবক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্বের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আসছে। এর প্রভাবে আন্তদেশীয় সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ফলে স্বল্পোন্নত দেশগুলোকেও এই টানাপড়েনের মধ্যে পড়তে হচ্ছে। এর মধ্যে যেমন ঝুঁকি আছে, তেমনি লাভবান হওয়ার সুযোগও আছে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে বলা যায়, সরকারের যত জনসমর্থন থাকবে, ততই বৈদেশিক অর্থনৈতিক স্বার্থের সঙ্গে তার রাজনৈতিক স্বার্থের সমন্বয় করা সহজ হবে। বহুজাতিক কোম্পানিগুলোর অন্যায় সুযোগ নেওয়ার প্রবণতা ততই সামলানো যাবে। এ প্রসঙ্গে তিনি ভূরাজনীতির পরিপূরক হিসেবে ভূ–অর্থনীতির বিষয়টি উল্লেখ করেন। তিনি মনে করেন, এটাই হলো বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের চ্যালেঞ্জ।
ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি একই মুদ্রার দুই দিক উল্লেখ করে তিনি আরও বলেন, 'বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এ দুটোই মোকাবিলা করা চ্যালেঞ্জিং।'
ওয়াহিদউদ্দিন মাহমুদ মূল বক্তব্য শেষ করার পর বিশ্বায়ন, বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ও আলোচনা করেন অর্থনীতিবিদেরা। এই অধিবেশন সঞ্চালনা করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদী সাত্তার।