ছাত্রলীগ নেতাকে গুলি, ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় ইউপি সদস্য সোহেলসহ আট জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা রয়েছে ৪-৫ জন। আজ শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগ নেতা কামরুল হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বাদী কামরুল হাসান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান উদয়ন এন্টারপ্রাইজে যায়। এ সময় পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এ ছাড়াও তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতও করে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোহেল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- তার সহযোগী সাইফুল (২৭), মাসুদ (২৮), হাবিবুর (২৭), শান্ত (৩০), শিপন (২৪), আল আমিন (২৮) ও মোবারক (৫৫)। তাদের বাড়ি উপজেলা বালিয়াপাড়া ও রুপগঞ্জের বিভিন্ন গ্রামে। 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।