ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী, অধ্যক্ষ ইমরান খান প্রমুখ। পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা পর্যায়ে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরা দৈনিক দেশ রূপান্তরকে জানান, সম্মাননা ও সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে রয়েছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে অনিকা রাণী বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রিংকু রাণী দাস, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিরিনা খাতুন এবং সফল জননী রাজিয়া সুলতানা।