আদম তমিজীকে গ্রেপ্তারের পর যা বললেন ডিবিপ্রধান

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদম তমিজী হককে ডিবি কার্যালয়ে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিনি যদি মানসিক রোগী হন তাহলে তাকে রিহ্যাবে পাঠানো হবে। তিনি যদি মানসিক রোগী না হন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, আমাদের ডিবির সাইবার ইউনিটে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন তিনি সোসাল মিডিয়ায় এসে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এবং পাসপোর্ট পুড়িয়ে ফেললেন—এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে যদি আমাদের কাছে মনে হয় তিনি মানসিকভাবে অসুস্থ তবে তাকে রিহ্যাবে পাঠাবো মানসিক চিকিৎসার জন্য। আর যদি আমাদের মনে হয় তিনি এগুলো ইনটেনশনালি করেছেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে গত ১৬ নভেম্বর র‌্যাব গ্রেপ্তারের জন্য অভিযার চালালে তাকে গ্রেপ্তার করা যায়নি। ওই সময় তিনি আত্মহত্যার হুমকি দেন, জানালার কাচ ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেয়ার হুমকি দেন। তখন র‌্যাব অভিযান থেকে সড়ে আসে।

পুলিশ জানায়, তমিজি হকের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।