ঢাকাই ইন্ডাস্ট্রি পেরিয়ে কলকাতায় নিজের দ্যুতি ছড়িয়েছেন আগেই। অভিনয়গুণে হয়ে উঠেছেন সবার প্রিয়। এবার বলিউড অভিষেকেও ঔজ্জ্বল্য ছড়ালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সদ্য ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে অভিনেত্রীর হিন্দি সিনেমা ‘কাড়াক সিং’, যেটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটির গল্পের প্লট কয়েকটি ঘটনায় এগিয়ে গেলেও বেশিরভাগ অংশ জুড়েই রয়েছেন জয়া আহসান। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে তার রসায়ন ছিল নজরকাড়া। জয়া প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠি ভারতের এক সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায়ের কাছে জয়া সম্পর্কে জানি। তার বেশ প্রশংসাও শুনি। এরপর জয়ার কয়েকটি বাংলাদেশি সিনেমা দেখি।’
‘কাড়াক সিং’ সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, মালয়ালম অভিনেত্রী পার্বতী প্রমুখ।