দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলায় আয়োজন হয়েছে র্যালি, মানববন্ধন, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ‘যারা ক্ষমতার কাছাকাছি থাকেন তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এটি নানাভাবে সমাজে ছড়িয়ে আছে। এটাকে নির্মূল করতে হলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।’ দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। ঢাকার বাইরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :
গাজীপুর : গাজীপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালন হয়েছে। সকালে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। পরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা হয়।
রাজবাড়ী : সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসন, ফরিদপুর দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতিবিরোধী কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে অফিসার্স ক্লাবে আলোচনাসভা হয়।
পঞ্চগড় : জেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে মানববন্ধন করে। এর আগে রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
নোয়াখালী : সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে মানববন্ধনে দুদক, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়।
বাগেরহাট : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসন ও দুদকের আয়োজনে সেখানে মানববন্ধন শেষে শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়।
গোপালগঞ্জ : সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সেখান থেকে একটি র্যালি বের করা হয় এবং বঙ্গবন্ধু সড়কে গিয়ে মানববন্ধন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়। অন্যদিকে জেলার মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
নড়াইল : সকাল সাড়ে ৮টায় দুদকের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। পরে নড়াইল চৌরাস্তায় দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
মৌলভীবাজার : জেলার কুলাউড়ায় সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মতিন সভাপতিত্ব করেন।