সাংবাদিক পরিচয়ে চোরাই চিনি-টাকা লুট

ভারত থেকে চোরাপথে চিনি আনার সময় টাকা এবং ওই চিনির একটি অংশ চোরা কারবারীদের কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সিয়াম (২২) নামের এক তরুণ। শেরপুর সদর উপজেলার আমতলী এলাকায় গতকাল শনিবার সকালে এ ঘটে ঘটনা। সিয়াম সদরের বলায়েরচর ইউনিয়নের হাতিআগলা গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

পুলিশ, স্থানীয়রা ও চোরাকারবারীর ভাষ্যমতে, ময়মনসিংহের হালুয়াঘাটের ধোবাউড়া সীমান্ত দিয়ে তিনটি পিকআপে ১৩০ বস্তা চিনি ভারত থেকে অবৈধপথে আনা হয়। চিনিগুলোর গন্তব্য ছিল জামালপুর শহর। কিন্তু শেরপুর সদর উপজেলার আমতলী এলাকায় এলে রাস্তায় গাছ ফেলে পিকআপগুলো আটকে সাংবাদিক পরিচয় দিয়ে সিয়াম ১৪ হাজার টাকা ও কয়েক বস্তা চিনি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যাপারটি টের পেয়ে সিয়াম ও চোরাকারবারী মানিক (৩০) এবং একটি পিকআপের চালক আনিসকে (২২) আটক করে পুলিশে খবর দেয়। এ সময় অন্য দুই পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি বছির আহাম্মেদ বাদল বলেন, তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। পিকআপসহ চিনি থানায় আটক আছে।