কৃষি মৎস্য জীববৈচিত্র্য রক্ষায় হাওরে অবস্থান

‘হাওরে কলকারখানা স্থাপনের কারণে জমির পরিমাণ কমছে, দূষিত হচ্ছে মাটি, পানি ও বাতাস। এ ছাড়া হাওরের বুক চিরে যত্রতত্র সড়ক নির্মাণ করে পানি প্রবাহ বাধাগ্রস্ত করে পরিবেশ-প্রতিবেশ ও প্রকৃতির মারাত্মক ক্ষতি করা হচ্ছে। এতে কমছে হাওরের আয়তনসহ ফসল উৎপাদন। হারিয়ে যাচ্ছে দেশীয় মাছসহ জলজ প্রাণী।’

জলবায়ু ন্যায্যতা ও কৃষি, মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে হবিগঞ্জে হাওরে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। গতকার শনিবার বেলা ১১টার দিকে লাখাই উপজেলার বুল্লার হাওরসংলগ্ন সুতাং নদীর তীরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), লাখাই প্রেস ক্লাব ও খোয়াই রিভার ওয়াটারকিপার এ কর্মসূচির আয়োজন করে। এতে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলে, কৃষক, মাঝিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, খাল-বিলে নিক্ষেপ করা অপরিশোধিত বর্জ্য মানুষের জীবন-জীবিকার ওপর মারাত্মক আঘাত আনছে। অনেকে পেশা হারাচ্ছেন। চরম মানবিক সংকটে পড়েছেন হাওরকেন্দ্রিক মানুষজন।

স্থানীয় কৃষক ও জেলেরা জানান, বংশ-পরম্পরায় কৃষি কাজ তাদের পেশা। কিন্তু দূষণ হাওরের মাটি খেয়ে ফেলেছে। ফসল লাগান, কিন্তু ফলন হয় না। এক সময় দূরদূরান্ত থেকে লোকজন মাছ সংগ্রহ করার জন্য ছুটে আসত। হাজার হাজার জেলে পরিবারের জীবন-জীবিকা চলত হাওর ও সুতাং নদীর মাছ ধরে। এখন আর সেই মাছ নেই। পেশা বদল করতে হচ্ছে তাদের।

বাপা হবিগঞ্জের সহসভাপতি ও হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, লাখাই প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নেওয়াজ প্রমুখ।