নৌকার প্রার্থীর জন্য ভোট চাইলেন বিএনপি নেতা

আসন্ন জাতীয় নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের জন্য ভোট চেয়েছেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।

গতকাল শনিবার সন্ধ্যায় লালপুর উপজেলার বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোট চান তিনি। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে বিএনপি নেতা সিদ্দিক আলী মিষ্টু তার বক্তব্যে বলেন, ‘আমি আপনাদের কাছে আমার মামার (শহিদুল ইসলাম বকুল) জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আগামী ৭ জানুয়ারি মামা যে নির্বাচন করছেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আহ্বান করছি আপনারা সবাই মামাকে ভোট দেবেন ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহামুদুল হক মুকুল, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গোপালপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্টু প্রমুখ।