পাগলা মসজিদের দানবাক্সে জীবন ভিক্ষার চিরকুট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার দানের পাশাপাশি মিলেছে মনের বাসনা পূরণের জন্য জীবন ভিক্ষার চিরকুট। ৩ মাস ২০ দিন পর গতকাল শনিবার আবার খোলা হয়েছে দানবাক্স। এবার নয়টি দানবাক্সে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে সকাল সাড়ে ৭টায় মসজিদের এসব দানবাক্স খোলা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত চলছিল গণনার কাজ। গণনা শেষ হতে রাত ৯টা বেজে যাবে বলে জানান কর্তৃপক্ষ। এতে প্রায় ২০০ জনের একটি দল অংশ নিয়েছে।

দানের পাশাপাশি জীবন ভিক্ষার যে চিরকুট পাওয়া গেছে, সেখানে আলিশা ইসলাম নামের অসুস্থ এক মেয়ের জন্য সুস্থতা কামনা করা হয়েছে। তবে যিনি এই চিরকুট দানবাক্সে ফেলে গেছেন তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এতে লেখা আছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ রাব্বুল-আলামিন তুমি আমার মেয়ে আলিশা ইসলামকে সুস্থ করে দাও। হে আল্লাহ তুমি তাকে বসার তৌফিক দাও। হাঁটার তৌফিক দাও। তুমি তার চোখের সমস্যা, মাথার সমস্যা ভালো করে দাও। হে আল্লাহ, তোমার কাছে আমি আমার মেয়ের সুস্থ জীবন ভিক্ষা চাই, আর পাঁচটা বাচ্চার মতো আমার মেয়ে যেন স্বাভাবিক থাকে। তুমি আল্লাহ আমাকে সন্তান দান করেছ, তার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ।’

ওই চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদ দানবাক্স খোলা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ। তিনি জানান, ধারণা করা হচ্ছে, এবার টাকা প্রাপ্তির নতুন রেকর্ড হবে।