দেশে ডেঙ্গুজ্বরে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও দুজন মারা গেছে। তাদের মধ্যে একজন মারা গেছে ঢাকার বাইরে। এ নিয়ে ঢাকার বাইরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮। যা মোট মৃত্যুর ৪২ শতাংশ।
এ ছাড়া ঢাকার বাইরে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৬১ জন, যা মোট ভর্তি রোগীর ৬৬ শতাংশ।
অন্যদিকে, ঢাকায় গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৪, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। এখানে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯১২, যা মোট রোগীর ৩৪ শতাংশ। অর্থাৎ ঢাকায় রোগীর সংখ্যা কম হলেও মৃত্যু বেশি। ঢাকার বাইরে রোগী বেশি হলেও মৃত্যু কম।
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকার বাইরে মৃত্যুহার শূন্য দশমিক ৩ শতাংশ ও ঢাকায় শূন্য দশমিক ৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৯৪, বাকি ২৬৮ জন ঢাকার বাইরে।
গত ১৬ দিন ধরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজারের নিচে। সর্বশেষ গত ২৩ নভেম্বর একদিনে ১ হাজার ৯৪ রোগী ভর্তি হয়েছিল। এরপর রোগীর সংখ্যা কমে হাজারের নিচে নামে ও সর্বোচ্চ ৯৭১ জন ভর্তি হয়েছিল গত ২৬ নভেম্বর।
এ মাসের গত নয় দিনের মধ্যে রোগীর সংখ্যা ৭০০’র ঘরে ছিল একদিন, ৬০০’র ঘরে তিনদিন, ৫০০’র ঘরে দুদিন, ৪০০ ও ৩০০’র ঘরে একদিন করে এবং সর্বনিম্ন ২৫১ জন রোগী ছিল গত শুক্রবার।
গত নয় দিনে ডেঙ্গুতে মারা গেছে ৩০ জন। সে হিসেবে দৈনিক গড় মৃত্যু ছিল তিনজনের বেশি। এ সময় রোগী ছিল ৪ হাজার ৮৮২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছে ১ হাজার ৮০১ ও ঢাকায় ৬১১ জন। গত মাসের শেষ দিনে হাসপাতালে ভর্তি ছিল ৩ হাজার ৪৭৯ জন। সে হিসেবে গত নয় দিনে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১ হাজার ৬৭ জন কমেছে।