কুয়াশাচ্ছন্ন সিংড়া, সূর্যের দেখা নেই

ঘন কুয়াশা আর শীতে নাটোরসহ উত্তরবঙ্গে ব্যাহত হচ্ছে জনজীবন। শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশায় আচ্ছন্ন নাটোরের সিংড়া এলাকা।

রবিবার ভোর থেকে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। সকাল ৯টা বাজলেও সূর্যের দেখা নাই। বেলা যত বাড়ছে ততই কুয়াশা বাড়ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে।

শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না। হঠাৎ চলে আসা এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।

এদিকে নাটোরের সিংড়ায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাণ্ডা আর ঘন কুয়াশায় আত্রাই নদী ও চলবিলাঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া, হৃদরোগসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার দিনমজুর আসাদুল সরকার জানান, প্রচুর শীত পড়েছে। শীতের কারণে কাজে যেতে পারছি। কাজ না করলে আমাদের সংসার চলবে না। সহায়তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এ দিনমজুর। অটোচালক শরিফ ও সেলিম হোসেন বলেন, শীতের কারণে রাস্তায় লোকজন না থাকায় ভাড়া হচ্ছে না।

বিলাঞ্চলের বাসিন্দারা জানান, প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। সূর্যের দেখা নাই। শীত বাড়লে শিশু ও বৃদ্ধদের কষ্ট হয়।