যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত টেনেসি রাজ্যে তীব্র ঝড় এবং টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয়জন মারা গেছে। এছাড়া এ ঘটনায় আহত অবস্থায় ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার বিকেলে উত্তর টেনেসির মন্টগোমারি কাউন্টির ক্লার্কসভিল এলাকায় এ শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে একজন শিশুসহ ছয়জনের প্রাণহানি হয়।

রবিবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গণমাধ্যম বিবিসি ও সিএনএন।

টর্নেডোর আঘাতে স্থানীয় জরুরি পরিষেবাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে টেনেসির মন্টগোমারি কর্তৃপক্ষ জানিয়েছে যে, ‘শনিবার হওয়া টর্নেডোর ফলে দুইজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু মারা গেছে। এ ছাড়া ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।“

অন্যদিকে সামাজিক মাধ্যম এক্সে ন্যাশভিল শহরে আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে ন্যাশভিল অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট।

রাজ্যটির বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

মন্টগোমারি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ক্লার্কসভিল শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ড্রেসডেন শহরে একাধিক গাছ, বিদ্যুতের লাইন এবং ঘরবাড়িও ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবাগুলো।

মন্টগোমারি কাউন্টির ক্লার্কসভিল শহরের জনসংখ্যা ২ লাখ ২০ হাজারের বেশি।

রাজ্যটির আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, শনিবার বিকেলের দিকে কমপক্ষে দুটি টর্নেডো রাজ্যটিতে আঘাত হেনেছিল। যার মধ্যে একটি মন্টগোমারি কাউন্টিতে এবং আরেকটি রাদারফোর্ডের গিবসন কাউন্টি শহরের কাছে আঘাত হেনেছিল।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপে ও ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবা সংস্থাগুলো।