ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশের হেফাজতে রিহ্যাবে আছেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী। মানসিক ভারসাম্যহীন হলে আমাদের কিছু করার নেই। তবে যদি উদ্দেশ্যপ্রণোদিত হয় তাহলে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত করে বের করা হবে।
আজ রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। সবকিছু মিলে আমরা গতকাল তাকে গ্রেপ্তার করেছি।
তিনি আরও বলেন, আদম তমিজী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছেন। তিনি যে দেশে খেয়ে পরে মানুষ হয়েছেন, তার ব্যবসাপ্রতিষ্ঠান যে দেশে আছে সেই দেশেরই পাসপোর্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পুড়িয়ে ফেলেছেন। তিনি ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য। মার্কিন মেরিন সেনাকে বলছেন সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে উদ্ধার করার জন্য। আরও বিভিন্ন ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সেটি আপনারাও দেখেছেন।
ডিবি প্রধান বলেন, আসলে এ সব কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, আসলেই তিনি কি মানসিক ভারসাম্যহীন। তা নাহলে একটি লোক এভাবে কথা বলেন কেন। তিনি অনেকগুলো বিয়ে করেছেন, তার পারিবারিক অনেক সমস্যা রয়েছে। বিভিন্ন কারণেই মনে হয়েছে তিনি ভারসাম্যহীন। তাই তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন তার জন্য আদম তমিজীকে আমরা ডাক্তারের কাছে পাঠিয়েছি। ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি যদি মানসিকভাবে ঠিক থাকেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করব। তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছেন, বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন সেগুলো কেন করেছেন জানাতে চাইব।
তিনি বলেন, যদি ডাক্তাররা বলে থাকেন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি করে থাকেন তাহলে এর পেছনে আরও কেউ আছে কি-না সেটা তদন্ত করে বের করব।