সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে মইনুল হোসেনের স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো.মোমতাজ উদ্দিন ফকির। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসেন।
জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
এর আগে মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার দ্বিতীয়ার্ধে (সকাল ১১টার পর থেকে সোয়া একটা পর্যন্ত) আপিল বিভাগের বিচার কাজ বন্ধ রাখা হয়। আর হাইকোর্ট বিভাগেও দ্বিতীয়ার্ধে (২ টা থেকে সোয়া চারটা) বিচারকাজ বন্ধ রাখা হয়।
গতকাল শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা রাজু আহমেদ।