ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ, পদ ছাড়লেন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্ট লিজ ম্যাগিল পদত্যাগ করেছেন। সম্প্রতি কংগ্রেসের একটি শুনানিতে ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ নিয়ে অবস্থানের জেরে বিতর্ক শুরু হওয়ার পর তার পদত্যাগের খবর এলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোয় ইহুদিবিদ্বেষ বেড়েছে। ইহুদি শিক্ষার্থী, পরিবার এবং অ্যালামনাই থেকে অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের স্কুলগুলো ইহুদিবিদ্বেষ মেনে নিচ্ছে।

এ নিয়ে গত মঙ্গলবার একটি কংগ্রেসনাল কমিটির শুনানি হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা তাদের সাক্ষ্য দেন। ওই দিন লিজ ম্যাগিল ছাড়াও উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লাউডিন গে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট স্যালি কর্নব্লুথ।

সাক্ষ্য দেওয়ার সময় তারা রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিকের একটি প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ বা ‘না’-তে দিতে অস্বীকৃতি জানান। স্টেফানিক জিজ্ঞাসা করেছিলেন, বুলি ও হয়রানি করার জন্য ইহুদিদের গণহত্যার আহ্বান জানানো (আপনার বিশ্ববিদ্যালয়ের) আচরণবিধি লঙ্ঘন করে কিনা?’

এরপর ম্যাগিল ও গে’র পদত্যাগের দাবি ওঠে। ম্যাগিল বুধবার একটি ভিডিওতে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন। শুক্রবার গেও ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে পদত্যাগ করলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন ম্যাগিল। ফিলাডেলফিয়া ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের প্রধান স্কট বুক জানান, লিজ ম্যাগিল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের একজন স্থায়ী ফ্যাকাল্টি সদস্য থাকবেন।