একদিনেই পেঁয়াজের দাম দিগুণ হয়ে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেছেন, ১২০ টাকার পেঁয়াজ একদিনের ব্যবধানে ২০০ টাকা হয়ে যায়, এটা কোনোভাবেই যৌক্তিক নয়।
আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর শের-ই বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের মাল্টিপারপাস হলে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। পেঁয়াজের দাম বাড়ার প্রসঙ্গ টেনে বাণিজ্য সচিব অভিযোগ তোলেন, ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করছেন না।
তিনি বলেন, আগের দিন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে, আর পরদিনই পেঁয়াজের দাম ৭০-৮০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের বুঝতে হবে, এদেশের জনগণের জন্যই তাদের ব্যবসা। অবশ্যই তারা লাভ করবেন, তাই বলে আগের দিন ছিল ১২০ টাকা, একদিনের মধ্যে ২০০ টাকা হয়ে যায়, এটা কোনোভাবেই যৌক্তিক নয়।
তপন কান্তি ঘোষ বলেন, বাজার পরিস্থিতি মানুষের নাগালের মধ্যে রাখতে নিত্যপণ্যে শুল্ক প্রত্যাহার করা হয়। রাজস্ব কমলেও এসব উদ্যোগ আমাদের নিতে হয়। এর সঙ্গে রাজনৈতিক ব্যাপারও যুক্ত থাকে। একইভাবে দেশি শিল্পকে সহায়তা দেওয়ার জন্য কর মওকুফ করা হয়।