অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলা শুরুর প্রায় ৭ ওভার পর ঝুঁকিপূর্ণ পিচের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। রবিবার জিলংয়ের কার্ডিনিয়া ওভাল স্টেডিয়ামে পার্থ স্কর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। খেলা শুরুর পর পিচের অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে দুই দলের অধিনায়ক, আম্পায়ার এবং ম্যাচ রেফারি আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
ম্যাচের শুরু থেকেই পিচে বাড়তি বাউন্স পেয়ে আসছিলেন মেলবোর্নের বোলাররা। ৬.৫ ওভার শেষে স্কোর্চার্স ব্যাটার জশ ইংলিসের আবেদনের প্রেক্ষিতে আম্পায়াররা পিচ পরীক্ষা করেন। এর পর সব পক্ষ আলোচনা করার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়ার বেন ট্রেলোয়ার টিভি নেটওয়ার্ক সেভেনকে বলেন, ‘শেষ ডেলিভারিটি (৬.৫ ওভার) আমরা বেশ অস্বাভাবিক আচরণ দেখেছিলাম। আর আমরা মনে করেছিলান, পিচ বিপজ্জনক আচরণ করেছে, এটিই খেলা বন্ধ করার মূল কারণ।’
ট্রেলোয়ার জানান, ‘আমরা যখন শুরুতে শুরু করি তখন আমরা পিচটি ভালো করে দেখেছিলাম। প্রথম কয়েক ওভারের পরে আমরা খেলা চালিয়ে যাবার বেলায় বেশ আশাবাদী ছিলাম। এর পর অস্বাভাবিক আচরণের মাত্রা আরও বেড়ে যায়। সাদারল্যান্ডের শেষ বলটি এতোটাই বিপজ্জনক ছিল যে তা খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ছিল।’
জিলংয়ে অতিবৃষ্টির কারণে একদিনের বেশি সময় ধরে পিচ কাভারে ঢাকা ছিল। টস জেতার পর রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসনও জানিয়েছিলেন পিচ ভেজা থাকার কথা। রেনেগেডস ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও নিজের ধারাভাষ্যে পিচের ফাটল ও অতিরিক্ত বাউন্স নিয়ে কথা বলেন।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রেনেগেডস ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেন জেনারেল ম্যানেজার জেমস রোসেনগার্টেন। তিনি বলেন, ‘একটা জমজমাট ম্যাচ হওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। তবে দুর্ভাগ্য যে আমাদের সমর্থকদের হতাশ হতে হলো। ক্লাবের পক্ষ থেকে সব সাধারণ টিকিট রিফান্ড করার বিষয়টি নিশ্চিত করা হবে।’