পুলিশি হেফাজতে নিহত কুর্দি তরুণী মাহশা আমিনির পরিবারকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইরান।
গত অক্টোবরে মাহশার মৃত্যুকে সম্মান জানিয়ে তাকে শাখারভ মানবাধিকার পুরস্কারে ভূষিত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই পুরস্কার আনতেই ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছিলেন মাহশার পরিবারের সদস্যরা। তবে মাহশার পরিবার শেষ পর্যন্ত সেই পুরস্কার গ্রহণ করতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইইউর পুরস্কার নিতে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে যেতে চেয়েছিল মাহশার পরিবারের সদস্যরা। শনিবার তার মা-বাবা এবং ভাই তেহরানের একটি বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্লেনে উঠতে দেয়নি। একইসঙ্গে তাদের সবার পাসপোর্টও জব্দ করা হয়েছে।
মাহশার পরিবারের আইনজীবী শিরিন আরদাকানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমার মক্কেলদের কোনো প্রকার সম্পর্ক স্থাপন হোক— তা একেবারেই চাইছে না বর্তমান শাসকগোষ্ঠী। সেজন্যই বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাদের যেতে বাধা দেওয়া হচ্ছে। এর আগে ইরানে কখনও এমন ঘটনা ঘটেনি।