পেলের জার্সিকে সাময়িক অবসরে পাঠাল সান্তোস

নিজেদের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় বিভাগে নেমে গেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। দ্বিতীয় বিভাগে নামার পর ক্লাবের সেরা খেলোয়াড়কে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

কিংবদন্তি পেলে প্রায় পুরো ক্যারিয়ার পার করেছেন সান্তোসের সাদা জার্সিতে। এবার পেলেকে স্মরণ করে নিজেদের ১০ নম্বর জার্সিটা তুলে রাখছে সান্তোস।

ফুটবলে অবশ্য কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানিয়ে জার্সি নম্বর তুলে রাখার রীতি নতুন কিছু নয়। যেমন ম্যারাডোনাকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রেখেছে নাপোলি।

এসি মিলান ফ্রাংকো বারেসিকে স্মরণ করে ৬ নম্বর জার্সিকে নির্বাসনে পাঠিয়েছে। আবার মালদিনি পরিবারের স্মরণে ৩ নম্বর জার্সিটাও অবসরে পাঠিয়েছে তারা। শুধু পালদিনি পরিবারের আর কেউ এলেই পরবেন ৩ নম্বর জার্সি।

তবে সান্তোস এমন কিছু আগে করেনি। এবার দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পরেই ১০ নম্বর জার্সি উঠিয়ে রাখল তারা। অবশ্য এটি সাময়িক সময়ের জন্য। যতদিন পর্যন্ত তারা প্রথম বিভাগে ফিরে আসবে না, ততদিন সান্তোসে দশ নম্বর জার্সিতে দেখা যাবে না কাউকে। 

সান্তোসের নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা বলেন, ‘যতদিন আমরা প্রথম বিভাগে না ফিরছি ততদিন পেলের ১০ নম্বর জার্সি আমরা ব্যবহার করব না। এই বছর ব্রাজিলের ফুটবল লিগকে পেলের নামে নামকরণ করা হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রথম বিভাগে ফেরার, আর এটিই ১০ নম্বর জার্সির জন্য উপযুক্ত জায়গা।'