ক্ষমতায় যেতে চান, রাজপথে এসে আন্দোলন করুন: উপাচার্য সৌমিত্র শেখর

‘যারা ক্ষমতায় যেতে চান, রাজপথে এসে আন্দোলন করুন’ এমন মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। যারা মনে করে দীর্ঘদিন ক্ষমতার স্বাদ পাইনা, তারা জেল জুলুমের ভয় উপেক্ষা করে রাজপথে এসে আন্দোলন করুন। আপনারা দেখান আপনাদের পিছনে জনসমর্থন আছে। তারা গুপ্ত রাজনীতি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাতাবরণ তৈরি করে গণতন্ত্রের ধারাবাহিকতা কে নস্যাৎ করার চেষ্টা করছে। যদি প্রয়োজন হয় জেলে যাবেন। এই ক্ষমতা না থাকলে ভোটের রাজনীতিতে ভালো করা যাবে না ।’ রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম আয়োজিত  'মানবাধিকার : বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আন্দোলনের ধারাবাহিকতা আছে, রীতিনীতি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুমের ভয় না করে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তার পিছনে হাজার হাজার কর্মী আন্দোলন করেছেন। পরবর্তীকালে শেখ হাসিনা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে  গণতন্ত্র পুনরুদ্ধারে ডাক দিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হেঁটে বেরিয়েছেন ৷ মিছিল করেছেন, পথসভা করেছেন। এভাবে তিনি মানুষকে উজ্জীবিত করে, রাজপথে আন্দোলন করেছেন, যেখানে ছিল জনসম্পৃক্ততা ’।


সেমিনারে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ধন্যবাদ জ্ঞাপন করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যপক মাসুম হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.  হুমায়ুন কবীরসহ বিভিন্ন অনুষদের ডিন শিক্ষক সমিতি এবং বঙ্গবন্ধু নীল দলের সভাপতি-সাধারণ সম্পাদক।