দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই হলে ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশনা দিয়েছে ইসি। গতকাল রবিবার বিকেলে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।
এ প্রসঙ্গসহ আরও কিছু বিষয়ে নির্দেশনা তুলে ধরে ‘পরিপত্র-১২’ জারি করেছে ইসি। এতে ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স একসঙ্গে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ইসি।
এছাড়াও প্রার্থীদের যেকোনো তফসিলি ব্যাংকের কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে নির্বাচনী ব্যয় করতে হবে বলে পরিপত্রে জানানো হয়।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল ইসিতে।